অতিরিক্ত চাওয়া পাওয়া
“নন্দলাল বর্মনের কবিতা সমগ্র”
‘অতিরিক্ত’
- নন্দলাল বর্মন
অতিরিক্ত কাউকে কথা বলা মানে,
নিজেকেই সস্তা করা অন্য কারো সনে।
কথার ওজন কমে, দাম কমে যায়,
সব কথা বলে দিলে ঠকতে যে হয়।
অতিরিক্ত কাউকে দিলে ভালোবাসা,
মূল্য তার কমে যায়, বাড়ে নিরাশা।
অকপটে দিয়ে গেলে মনের আকাশ,
বিনিময়ে মেলে শুধু শূন্য বাতাস।
অতিরিক্ত কাউকে করিলে ভরসা,
ভুলগুলো ভেঙে গেলে নামে অমানিশা।
অন্ধের মতো যদি করো বিশ্বাস,
দিন শেষে বুকে জমে চাপা দীর্ঘশ্বাস।
অতিরিক্ত কাউকে করিলে আশা,
ধীরে ধীরে ম্লান হয় সব পাওয়া-আশা।
প্রত্যাশা যত বাড়ে, বাড়ে তত ক্ষত,
মন ভেঙে চুরমার হয় অবিরত।
জীবনের এই এক অমোঘ নিয়ম,
সীমাটুকু পার হলে কমে যায় দম।
আবেগ উজাড় করে যে-ই ভালোবেসেছে,
অবশেষে সেই বেশি কষ্ট পেয়েছে।
রচনাকাল : ০৬/০৮/২০২৬

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনাকে অনেক ধন্যবাদ !!!!!
** Please do not enter any samp link in the comment box.