আর কিছু যায় আসে না


নন্দলাল বর্মনের কবিতা সমগ্র

“আর কিছু যায় আসে না”
- নন্দলাল বর্মন

আগে কেউ চলে গেলে, থমকে যেত সময়,
বুকের ভেতর বাজত যেন ভাঙা স্মৃতির লয়।
অশ্রুগুলো বাঁধ মানত না, মানত না সান্ত্বনা,
এখন কেউ ছেড়ে গেলে আর কিছু যায় আসে না।

অভ্যাসেরই দাস হয়ে আজ শিখে গেছি একা চলা,
বন্ধুর এই পথগুলোতে নিজের সাথেই কথা বলা।
অপেক্ষার প্রহর গুনে রাত আর তো কাটে না,
এখন কেউ ছেড়ে গেলে আর কিছু যায় আসে না।

শুকনো পাতার মতো যখন ঝরে পড়ে মিথ্যে মায়া,
আবছা হয়ে মিলিয়ে যায় অতি চেনা মুখের ছায়া।
পিছু ডাকার বৃথা চেষ্টা এই মন আর করে না,
এখন কেউ ছেড়ে গেলে আর কিছু যায় আসে না।

আগে কেউ চলে গেলে, ভীষণ রকম কষ্ট হতো,
বুকের ভেতর পাথর চেপে দিন কাটাতাম পাগলের মতো।
নিজের মাঝেই নিজের জগৎ, খুঁজছি নতুন ঠিকানা,
আর এখন কেউ ছেড়ে গেলে, সত্যি কিছু যায় আসে না।

একা থাকার অভ্যেসটা এখন আমার হয়ে গেছে,
মিথ্যে কথার মানুষগুলো অনেক পেছনে রয়ে গেছে।
কে খোঁজ নিল, কে নিল না— সেই হিসাব আর কষি না,
এখন কেউ ছেড়ে গেলে, আর কিছু যায় আসে না।

নিজের সাথে নিজের এখন বেশ ভালোই কাটছে বেলা,
বন্ধ করেছি আমি অনুভূতির এই লুকোচুরি খেলা।
নতুন করে কারোর জন্য মনটা আর তো কাঁদে না,
এখন কেউ ছেড়ে গেলে, সত্যি কিছু যায় আসে না।

যে যাওয়ার সে যাবেই চলে, জোর করে কী লাভ!
মাঝপথে হাত ছেড়ে দেওয়া তো মানুষের স্বভাব।
পিছন থেকে ডাকার মতো ইচ্ছে আর জাগে না,
এখন কেউ ছেড়ে গেলে আর কিছু যায় আসে না।

যে আছে সে থাকুক পাশে, যে যায় সে যাক,
নিজের মতো ভালোই আছি, জীবন এমন থাক।
কারো জন্য মন খারাপের সময় এখন মেলে না,
এখন কেউ ছেড়ে গেলে আর কিছু যায় আসে না

অনেক হলো কান্নাকাটি, অনেক হলো পিছু ডাকা,
বুঝে গেছি দিন ফুরোলে থাকতে হবে একদম একা।
যে যাওয়ার সে যাবেই চলে, জোর করে তো রাখা যায় না,
এখন কেউ ছেড়ে গেলে, আর কিছু যায় আসে না।

রচনাকালঃ- ০২/০৮/২০২৬


মন্তব্যসমূহ

Popular Blogs

প্রেম নিবেদন

বিন্দু (তোমাকে উদ্দেশ করে লেখা)

স্বার্থের চাদরে মোড়া প্রেম