মুখোশধারী সমাজ
মায়ের জাতি নারী, তাকে কে বানালো বারাঙ্গনা?
ভদ্র সমাজের আড়ালে এ কার নিঠুর বাসনা?
সতী-সাধ্বী মায়ের ঘরে জন্ম যাদের অহর্নিশ,
তারাই আজ খদ্দের হয়ে ছড়ায় এমন পাপের বিষ!
অন্যের স্ত্রীকে সস্তা ভেবে কৌতূহলে ‘বৌদি’ ডাকো,
শ্রদ্ধা জানানোর ভান করে মনে নোংরা লোভটি রাখো।
সুযোগ পেলেই আদিম পাপের প্রস্তাব দাও অন্ধকারে,
ভদ্রতার এই মিথ্যা নাটক রোজই চলে অহংকারে।
বুকের ভেতর পশুর বাস, বাইরে সভ্য মানুষের বেশ,
ভণ্ডামিতে পূর্ণ এমন সমাজের কি নেই কোনো শেষ?
নারীর প্রতি সম্মানহীন, কলুষিত এই মন,
আয়নার সামনে দাঁড়াও দেখি, চিনতে পারো কি এখন?
নিজের পাপের কালো দাগ ঢাকতে দেখাও ছল,
নারীর গায়েই ছিটিয়ে দাও অপবাদের জল।
যাদের তোমরা লালসা দিয়ে নামিয়েছো আজ পথে,
সমাজ তাদের ঘৃণাই করে, তোমরা চড়ো রথে!
ভেবে দেখো হে ভণ্ড সাধু, এ কেমন বিচার নীতি?
মুখে তোমাদের নারীর ভক্তি, অন্তরে দুর্নীতি!
এই মুখোশটা খসে পড়বে, জবাব দেবে কবে?
মানুষ রূপে পশুর এমন বিনাশ ঠিকই হবে।
রচনাকাল : ০৫/০৮/২০২৬

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনাকে অনেক ধন্যবাদ !!!!!
** Please do not enter any samp link in the comment box.